উৎসর্গ নিজেকে

উৎসর্গ নিজেকে
ফটো ক্রেডিটঃ
 শাহিদ
স্থানঃ
 ধানমন্ডি, লেক

প্রিয় আত্মা,

আশা করি ভালই আছো। আসলে আশা করাটা ভুল হবে, আমি জানি তুমি ভালো নেই। বিগত বেশ কিছু মাস ধরে বিভিন্ন অসুখে তুমি বিপর্যস্ত এবং বিধ্বস্ত সময় অতিবাহিত করছো। সব কিছু দেখে, বুঝে, জেনেও আমি তোমাকে সাহায্য কিংবা তোমার পাশে দাঁড়াতে অক্ষম ছিলাম।

তোমার একাকীত্ব আমি ভীষণভাবে অনুভব করতে পেরেছিলাম। তা সত্ত্বেও আমি তোমাকে সঙ্গ দেইনি। তোমাকে খুব সুন্দরভাবে এড়িয়ে গিয়েছিলাম। তোমার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবার সাহস হয়নি আমার। তোমার উদ্ভট চিন্তায় বাঁধা দেইনি, তোমার অসুস্থতায় সেবা করিনি আমি। আমি জানতাম, তোমার পাশে থাকাটা আমার জন্য ফরজ ছিলো। তারপরও তোমাকে অবহেলা, অবজ্ঞা করেছিলাম।

আমি জানি, অভিমানের সাগর বানিয়েছ আমার জন্য। তোমার প্রতি দায়িত্ব অবহেলার কারণে অপরাধীর কাতারে ফেলেছ আমাকে। যা শাস্তি দিতে চাও দিতে পার আমি তা হাত পেতে নিবো, তবে এও জানি তুমি তা পারবে না।

তোমার স্বপ্ন পূরণে আমি তোমাকে কখনোই উৎসাহ দেইনি, বরং স্বপ্ন ধ্বংস হওয়ার নীরব দর্শক ছিলাম আমি। আমি দেখেছিলাম, তোমার আর্তনাদ, অন্ধকারে হাতড়ে বেড়িয়েছিলে আমাকে। তারপরও অনেক দূরে ছিলাম।

আসলে তোমাকে ভালবাসতে পারিনি, কখনোই পারিনি। ভালবাসতে পারলে হয়তো আজ তোমার এই করুণ অবনতির দৃশ্য আমায় দেখতে হতো না। এই দায় আমার, শুধুই আমি নিজে।

আমি জানি, তুমি আমায় ক্ষমা করে দিবে, তবুও ক্ষমা চাইবো না। সেইদিন ক্ষমা চাইবো যেদিন তুমি তোমার গন্তব্যে পোঁছাতে পারবে। আমি তোমাকে ভালোবাসি বলব না, তবে ভালো রাখার জন্য সর্বদাই তোমার পাশে থাকবো।

আমি কথা দিচ্ছি, তোমার অসুস্থতায় তোমার সেবায় কৃপণতা করবো না। তোমার স্বপ্ন সিঁড়ি বেয়ে উঠবার জন্য সবসময় উৎসাহ দিব তোমাকে। আমি আবারও কথা দিচ্ছি, প্রচণ্ড ঝড়ে, সুনামিতেও তোমাকে রেখে পালিয়ে যাব না।

আমি জানি তুমি পারবে, তোমার জীবনে তুমি একদিন একজন ভালো মানুষ হিসেবে দাঁড়াতে। তোমার মাঝে অনেক অনেক প্রতিভা রয়েছে, যা আমি অনুধাবন করেছি। আমি এও জানি, এই প্রতিভার বিকাশ একদিন ঘটবেই।

সবশেষে, তোমাকে চূড়ান্ত কথা দিচ্ছি, তোমার প্রতিটা ক্ষণে তোমার পাশে থাকবো। ভালো থাকো সবসময়।

ইতি
অপরাধী একজন।