বিজ্ঞাপন! চারেদিকে বিজ্ঞাপনের মহড়া। আকাশে-বাতাসে বিজ্ঞাপনের ছড়াছড়ি।
আকাশের নীল রঙ্গেও বিজ্ঞাপনের আভাস দেখা যায়, বাতাসে
বিজ্ঞাপনের গন্ধ পাওয়া যায়। এ এক উৎকট গন্ধ! এ এক হরেক রঙের মিলন! নদীর পানি,
মাঝির বৈঠায়, নৌকার তলায়, গাছের গায়ে, ফুল-ফলে, পাতায়-পাতায়
এমনকি প্রেমিকের গলার সুরেও বিজ্ঞাপন অনুভব করা যায়।
খুব বেশি দূরে নয়, এমন এক পৃথিবী রূপ নিবে
যেখানে, নিজের জন্য এবং পরের জন্য সাজিয়ে গুছিয়ে সময়ের
পরিক্রমায় জীবনের যাত্রা পথে প্রতিটা স্থানে বিজ্ঞাপন স্থান পাবে। মানবের হৃদয়ে ও শরীরে
বিজ্ঞাপন থাকবে। সারা শরীর জুড়ে
বিজ্ঞাপনের গন্ধ বয়ে বেড়াবে। কিছু কিছু সময় বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে যাবে সেইখানে, যেখানে আমি বলে কারো অস্তিত্ব বিরাজমান থাকবে না। অনির্দিষ্ট কিছু
বিজ্ঞাপন মনের মাঝে মিশে যাবে। তৈরি করবে নতুন কোন বিজ্ঞাপন। সেখানেও হারিয়ে যাবে।
হারাতে ভালোলাগবে। কিছু খোয়াতে সুখ পাবে। এতো সুখ মানবের প্রয়োজন হবে, যে সুখ এনে
দিবে এই বিজ্ঞাপন। জগতের প্রতিটি প্রাকৃতিক দৃশ্য একসময় বিজ্ঞাপনের কারখানা হয়ে
উঠবে। সকলে বিজ্ঞাপনের মাঝে বাস করবে। মানুষ হাসতে এবং হাসাতে ভুলে যাবে। শুধু
মাত্র বিজ্ঞাপনের জন্য হাসবে। কেঁদে কেঁদে হাসবে। চোখে থেকে অশ্রু ঝরবে অজস্র,
তবুও হাসবে, শুধু বিজ্ঞাপনের জন্য। মানুষের
স্বপ্নের এবং কর্মের মাঝে বিচরণ করবে এই বিজ্ঞাপন। নবজাতক শিশু জন্ম নিবে
বিজ্ঞাপনের গর্ভে। তাঁরা বিজ্ঞাপন খেয়ে বাঁচবে, খেয়ে বড় হবে।
বিজ্ঞাপনকে ভালবাসবে। সেই ভালোবাসা বিজ্ঞাপনের সুবাস ছড়াবে। তখন পৃথিবীর আরেক নাম
হবে বিজ্ঞাপন।

