স্মৃতিগুলো বড়ই বেদনার অথবা আনন্দদায়ক হয়। দুঃখের স্মৃতি বেদনার
আর সুখের স্মৃতি আনন্দদায়ক। আমাদের জীবনের চলার পথে এই দুই ধরনের স্মৃতি নিয়ে
এগিয়ে যেতে হয়। এগিয়ে যাবার পথে বারংবার এই স্মৃতিগুলো ফিরে আসে। ফিরে এসে
নিয়ে যায় সেই মনে গাঁথা সুন্দর কিংবা অসুন্দর স্মৃতির নিকট। হয়তো আমরা কিছু
কিছু স্মৃতি ধরে রাখি কোন দৃশ্যমান বস্তুর মাঝে আবার কিছু কিছু স্মৃতি ধরে রাখি
মনের অদৃশ্য পটে। যা শুধুই অনুভব করে দেখতে হয়।
জীবন যতদূর পর্যন্ত গড়াবে আমাদের স্মৃতির ভাণ্ডারও ততো খানি সমৃদ্ধ
হবে। এটাই যুগযুগ ধরে চলে আসছে। কান্না, হাসি,
ব্যথা, ভালোলাগা, ভালোবাসা
সব কিছুই ফিরে আসে, এবং মনকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেয়
বর্তমান সময়কে। সুন্দর মুহূর্তগুলো বারবার ফিরে আসার কামনা করি আমরা। কিন্তু তা
হয়তো লুকোচুরিই খেলে যায়। বাস্তবে ফিরে আসে না। কতো শত অদ্ভুত রকমের স্মৃতি আজ
আমরা ফেরি করি। এটাই হয়তো জীবনের অংশ, অথবা জীবনের চরম
সত্য। আজকে যা রঙ্গিন কাল তা সাদাকালো বর্ণে অতীতে চলে যায়। যতই টেনে হিঁচড়ে
সামনে আনার চেষ্টা করি না কেন, তা সাদাকালোই থেকে যাবে।
মানুষের অনুভূতিগুলোর মধ্যে ভালোবাসা এমন একটি অনুভূতি যা দ্বারা সকল কিছু
অসম্ভবকে সম্ভবে পরিনত করা যায়। এই ভালোবাসার কারণেই হয়তো আমাদের স্মৃতিগুলো
সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করি। সেই সাথে আরও পছন্দ করি, সেই স্মৃতিগুলোকে ঘিরে যে সকল মানুষ রয়েছে, তাদের
কথা স্মরণ করতে। মনের গহীনে মাঝে মাঝে নাড়া দিয়ে যায়, স্মৃতি
তোমাকে ভুলিনি। ভুলিনি তোমায় স্মরণ করতে। হোক তা বেদনার তবুও তো তুমি এক স্মৃতি!
আমারা কখনো কখনো শিউড়ে উঠি, কখনো বা
আলতো করে হাত বুলিয়ে দেই আর মনে মনে বলি, স্মৃতিরা ভালো
থেকো সবসময়।
১০ শে জুন, ২০১৪

